কবিতা # মে - জুন, ২০২৪


ভালোবাসার মজা


আমাদের কথাগুলো বাসি হতে হতে ক্রমশ​:

মিলিয়ে গেছে হাওয়ায়​
স্রেফ তোমার হাসিটুকুই
যা মনে থেকে গেছে

আজ অল্প মেঘলা
বৃষ্টি নামতে পারে

মহাকুমা জংশনে সেবার খুব বৃষ্টি

আপ লোকাল থেকে নেমে

ভাগাভাগি ছাতায় রিকশা স্ট্যান্ড

তারপর হুড-তোলা পর্দা-নামানো

রিকশায় ঝমঝম বৃষ্টির শব্দে

সেই দারুন মজা!

তোমার মনে প​ড়ে?

কে বলে ভালোবাসা মোটেও "মজার​" ব্যাপার নয়​!
জীবনের ওলিগলি জুড়ে
যত বিচিত্র মজার সম্ভার​
তুমি ছিলে তারই অংশ এক​

ভালোবাসার মজায় আমি আজও মজে আছি...

পুরনো বাড়ি পুরনো মানুষ

পুরনো বাড়িগুলোর মতো পুরনো মানুষগুলোও আজ আর নেই

বাড়িগুলো ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে সব
আর মানুষগুলো খরচা হয়ে গেছে জীবনের খাতায়

পুরনো বাড়িগুলো মানে তো আর শুধু ইট-লোহা-বালি-সিমেন্ট ইত্যাদি নয়​ টোল খাওয়া সংসার যত​ হাসি-কান্না-ভাব-ভালোবাসা-রাগ-অভিমান জরা-ব্যাধি ও মৃত্যু রান্নার হরেক প্রনালী প্রিয় বাসন-কোসন ধুলো আর মায়া জমা ভারী অসবাব আর তার​ চটে যাওয়া পালিশ ও ঘষটে যাওয়ার দাগ, সব​ আর নেই পুরনো মানুষগুলো মানে তো আর শুধু কাটিয়ে দেওয়া জীবনের বছরগুলো ন​য়​ লোভ​-প্রেম​-কাম​-ঈর্ষা ঝগ​ড়াঝাটি, হাতাহাতি ও অলিঙ্গন​ ক্ষোভ, উল্লাস কিংবা দুঃখ প্রকাশের নিজস্ব ভঙ্গি বাজার করতে গিয়ে দরাদরি আজীবন বয়ে বেড়ানো ভালো-মন্দ অভ্যাস, মুদ্রাদোষ ইত্যাদি কোনোটাই নেই আর​ শুধু পুরনো দিনের সব কথা আজ রূপকথা হয়ে ফুটে আছে স্মৃতির ভেতর​

.

হৃদয়ে স্মৃতির টুকরো

এই যে লোকটা চলে যাচ্ছে শহরের রাস্তা দিয়ে শববাহী গাড়িতে শুয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না আর​ চারিদিকে এই যে জীবন্ত দুনিয়া আর সারা রাস্তা জুড়ে তার শত ব্যস্ততা... শুনতেও পাচ্ছে না কিছু এই যে অজস্র শব্দ মিলেমিশে এক বিচিত্র কোলাহল... অসহ্য গরমে ঘেমেও যাচ্ছে না আর পেছন পেছন চলেছি আমি ভাড়ার বাইকে চেপে ঘর্মাক্ত​ অফিসে ঢুকতে হবে জলদি পুরোপুরি মায়াহীন হয়ে গিয়ে সব সোহাগের বাইরে চলে গিয়ে যে শুধু স্মৃতি হয়ে থেকে গেল কারও কারও হৃদয়ে সেই লোকটা ক্রশিং থেকে বাঁদিকে চলে গেল কাঁচঢাকা শবগাড়িতে ডানদিকে ঘুরে অফিসের রাস্তাটুকু যেতে যেতে মনে প​ড়তে থাকল ছোট-বড় কত সব ঘটনা মজা কিংবা দুঃখের ভালোবাসা কিংবা রাগের​ এই মোড়ে কি ওই মোড়ে রাস্তার এপাড়ে কি ওপাড়ে ঘটে যাওয়া সেই কোনকালে... ব​ড় সিগন্যালে বাইক দাঁড়াতেই চটকা কাটাল​ একটা সিগারেট ধরাতে ধরাতে মনে হল: সত্যি! কি অপূর্ব এই বেঁচে থাকা স্মৃতিভেজা-জলজ্যান্ত

আংশিক জীবনের পোর্ট্রেট

আমি জানি ফ্যাকাশে মৃত্যু এসে একদিন
জল ঢেলে দেবে জীবনের সব রঙে

তবু আমি রোজ ধরি রঙ-তুলি
আর বারবার আঁকি
জীবনের উজ্জ্বল যত প্রতিচ্ছবি

জানি মৃত্যুই জিতে যাবে ঠিক
হোক না সে যতই আকস্মিক
আদপে তো অমোঘ
তায় অনিবার্য

তবে পরোয়া করি না আমি
রোজ রোজ তাই নানা রঙে বানাই
জীবনের আংশিক এই পোর্ট্রেট

বাতিল জিনিশপত্রের মতো
না হয় দাড়িপাল্লায় মেপে
কোনো প্রিয়জন কোনো একদিন ​
বেচে দেবে আমার এই আনাড়ি রঙিন ছবি জীবনের​
কিলো দরে স্রেফ

1 comment:

  1. খুব ভাল লাগলো এই লেখাগুলো।

    ReplyDelete